সন্ধ্যা আসে নব বধূর সাজে
- কাকলি চক্রবর্তী
নীড়ে ফেরা পাখিদের দল,
তাদের কলরবে
সন্ধ্যা মুখর।
চাঁদের আলোয় ভাসছে পৃথিবী,
সমস্ত চরাচর।
নদীর জলেও ঝিকিমিকি,
একলা নৌকা দিচ্ছে উঁকি,
লণ্ঠনের মৃদু আলোয়
এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করেছে
এই ব্যস্ত প্রকৃতি।
সোনার পাহাড়,
রুপোর নদী,
পান্না সবুজ বৃক্ষরাজি,
আকাশ জুড়ে হীরের কুচি
ছড়িয়ে যত্র তত্র।
সন্ধ্যা নেমেছে,
সদা ব্যস্ত প্রকৃতি
আরো ব্যস্ত সন্ধ্যা সাজাতে।
প্রদীপ জ্বলেছে তুলসী তলায়,
সন্ধ্যাবাতি আর শঙ্খধ্বনি
উঠান করেছে আলো।
বাতাসে এক অপূর্ব অনুভূতি,
এক সুগন্ধ ভেসে বেড়ায়।
সন্ধ্যা আসে নব বধূর সাজে
নীরব কোমল পায়ে।।

0 Comments