দুর্গা
- তানবীর আহমেদ
তোমার দুর্গা ফুলে ফুলে সাজে, পূজিছে সকল ভক্ত!
আমার দুর্গা অসহায় কেনো, সারা গায়ে মাখা রক্ত?
তোমার দুর্গা দেবীর আসনে, প্রাণহীন এক মূর্তি!
আমার দুর্গা ভয়ে জড়সড়, কবে হবে তাঁর মুক্তি?
তোমার দুর্গা ত্রিশুল হাতে, মিথ্যে সকল বাহানা!
আমার দুর্গা ঘামে ভিজে তবু, ক্লান্তি যে তার আসেনা।
তোমার দুর্গা নষ্ট করে, তবু কিছু নাহি খায়!
আমার দুর্গা ক্ষুধার জ্বালায়,পরান চলিয়া যায়!
তোমার দুর্গা রঙীন কাপড়ে, আরো কত গায়ে গহনা!
আমার দুর্গা ছিন্ন বস্ত্রে, শরীর ঢাকিতে পারেনা!
তোমার দুর্গা প্রাণহীন তবু, মস্ত একটা বাড়ি!
আমার দুর্গা ফুটপাতে থাকে, করে কত আহাজারি!
তোমার দুর্গা মায়ের আসনে, মাথা নত করো তুমি!
আমার দুর্গা কি দোষ করেছে, একবার বলো শুনি?
তোমার দুর্গা মূর্তি তবুও হায় কতো সম্মান!
আমার দুর্গা মানুষ হয়েও পায় শুধু অপমান?
তোমার দুর্গা-আমার দুর্গা, শত মাইল ব্যবধান!
আমার দুর্গা শুভেচ্ছাহীন, সুরহীন কোনো গান।

0 Comments