নির্বোধ নির্বাক
- অভি বণিক
হাহাকার কিংবা কদাকার
বাড়িয়ে বলছি না,
অবশ্য শুনেছি, যখন নাকি কারো
মৃত্যু ধেয়ে আসে সন্নিকটে
তখন নাকি বাড়ির আঙিনা বারেবারে ডাকে।
মরে যেতে যেতে বেঁচে ওঠা গাছটি
অদ্ভুৎভাবে তরতরিয়ে বেড়ে ওঠে
পলকে পলকে,
নিতান্ত অপ্রাসঙ্গিক ঘোরাফেরায় দিন কেটে যায়
রাস্তার কুকুরদের।
বেলা তখন তিব্র দুপুর
সূর্যটা মাথা বরাবর উপরে
প্রচন্ডবেগে ভিটামিন-ডি ছড়াচ্ছে,
হঠাৎ,
দরজায় ঠকঠক..ঠকঠক..
ঠকঠক... ঠকঠক।
- কে?
- আজ্ঞে আমি।
-আমি কে?
- আমি গো আমি, বুভুক্ষু।
-বিদেয় হোন,দুপুরে ভিক্ষা দেইনা।
-ভয় পাবেন না বাবুমশাই, আমি অজ্ঞেয়বাদী। জ্ঞানবুভুক্ষু,,,সামান্য যদি একটু জ্ঞান দিতেন,,
এই ধরেন,ডাস্টবিনের পঁচাগলা খাবার কুকুর-বিড়ালের সাথে একটা পাগল কিংবা ছিন্নমূল কিভাবে খায়?এই যে এতো বুদ্ধিজীবী, এতো মানুষ এইখানে মানবতা কোথায়???
-নির্বাক।
দুটো কাক কা কা করতে করতে পুব আকাশে উড়াল দিলো।

0 Comments