বাউলের বাংলাদেশ

।।সুমন বিশ্বাস।।



বাউলের এই বাংলাদেশে

যে মিঠে সুর বেড়ায় ভেসে, চিত্তে রাখে টান,

একতারা, দোতারা বাজে

নাচন ওঠা হৃদয় মাঝে— প্রাণ ভরে সেই গান।


বাঙালির এই মিষ্টিধারা

কথায় করে পাগলপারা, বাজে বারোমাস,

দিনমজুরের কষ্ট কাড়ে

এ গান ধরে গলা ছাড়ে, মেটায় মনের আশ।


আউল, মাধব, লালন, হাছন

সিরাজ, রাধারমন, গগন, রবীন্দ্র, নজরুল,

কাঙাল হরিনাথ, দ্বিজদাস

কানাই, পবন, বিজয়ের বাস, আরও পাই অতুল।


জালাল, উকিল, রশিদ উদ্দিন

পাঞ্জু, দুদ্দু, কামালে ঋণ, বাউলগানের দায়,

শাহ্ আব্দুল করিম আবার

সম্রাট নাম পান উপহার, এ গান রচনায়।


বাউলে যার হৃদয় রাঙে

সে থাকে না দ্বেষের গাঙে, ইচ্ছা করে পেশ,

বসুন্ধরা বাউলের হোক

স্বর্গসুখের আসবে আলোক; বিশ্ব হবে দেশ।


*বাউলগান ইউনেস্কোর ঘোষণা অনুযায়ী বিশ্ব ঐতিহ্যের সম্পদ। এই ধারায় জড়িতদের প্রতি শ্রদ্ধা সতত।